দেশজুড়ে

মঙ্গলবার গাজীপুরে যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনি প্রচারণায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে জনসভায় যোগ দেবেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন দুপুরে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোট আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

Advertisement

সোমবার (২ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা জামায়াতের আমির ডা. জাহাঙ্গীর আলম ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন এসব তথ্য জানান।

জনসভাকে ঘিরে ইতোমধ্যে জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি ময়দানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন তিনি।

Advertisement

জামায়াত নেতারা বলেন, ইতোমধ্যে জনসভা সফল করতে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চলছে। জনসভায় গাজীপুরের পাঁচটি আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াতের আমির।

নেতারা বলেন, দীর্ঘদিনের দুঃশাসন, অনিয়ম ও বৈষম্যে ক্লান্ত মানুষের জন্য এই জনসভা হবে আশার নতুন ঠিকানা। জনসভা থেকে জনগণের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্পষ্ট বার্তা দেওয়া হবে। দেশের মানুষ আজ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের রাজনীতি থেকে মুক্তি চায়। জামায়াতে ইসলামী সেই বিকল্প রাজনীতির প্রতিনিধিত্ব করছে, যেখানে ক্ষমতা নয়, বরং জনগণের কল্যাণই মুখ্য। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই জনসভা হবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত।

বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি গণজাগরণের রূপ নেবে বলে তারা আশা আয়োজকদের।

মো. আমিনুল ইসলাম/এমএন/এমএস

Advertisement