দেশজুড়ে

কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত দশম গ্রেডের চাকরিতে বিএসসি ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

Advertisement

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা সব শ্রেণি ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ কর্মসূচি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে অবস্থান নেন। এসময় সড়ক ও রেলপথ অবরোধ করলে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেছেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হবে।

শিক্ষার্থীরা জানান, পূর্বে কারিগরি খাতে ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেওয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, এ কর্মসূচি চলাকালে ৩০ মিনিট খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সড়কপথের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কর্মসূচি প্রত্যাহার হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ কর্মসূচিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আল-মামুন সাগর/কেএইচকে/জেআইএম

Advertisement