বিনোদন

জাপানে গান শোনাবেন আঁখি ও রুমি

বাংলা নববর্ষ ঘিরে জাপানের মিশাতো শহরে আয়োজন করা হয়েছে ‘বৈশাখী মেলা জাপান' শিরোনামের এক অনুষ্ঠান। সোখানে গান শোনাবেন সংগীতশিল্পী আঁখি আলমগীর ও আরফিন রুমি। জাপানের সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির লিতপিয়া পার্কে রোববার হবে এই অনুষ্ঠান।

Advertisement

গানের পাশাপাশি বসবে বৈশাখী মেলা। সকাল থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে সন্ধ্যা পর্যন্ত।

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছে, নববর্ষ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের একটি মিলনমেলায় পরিণত হবে সেখানে। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মধ্যে একটুকরা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আঁখি আলমগীর ও আরফিন রুমি। তাদের সঙ্গে আরও থাকছেন বাপ্পি, রানা, উজ্জ্বল ও মেহেদী।

Advertisement

অনুষ্ঠানটি নিয়ে রুমি বলেন, ‘প্রথমবারের মত জাপানে পারফর্ম করতে এসেছি, আমার সঙ্গে আঁখি আলমগীর আপু আছেন। আমরা গান শোনাব, আনন্দ করব। চেষ্টা করব সবাইকে সুন্দর একটা মুহুর্ত উপহার দেওয়ার।’

নাটক ও সিনেমার গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন আরফিন রুমি। আলোচিত ধারাবাহিক 'এটা আমাদেরই গল্প' নাটকের টাইটেল এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

পাশাপাশি ‘ঋণ’, ‘মধ্যবিত্ত’, ‘কিছুক্ষণ’, ‘আপন’, ‘প্রেমের রেডিও’সহ বেশ কিছু নতুন গান প্রকাশ করেছেন রুমি।

অন্যদিকে, আঁখি আলমগীরও নতুন গান ও দেশে বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। চলতি বছরের শুরুতে তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্য গেয়েছেন ‘জোড়া শালিক’ শিরোনামের গান। এর আগে গেল বছরের অক্টোবরে প্রকাশ পেয়েছিল আঁখির 'প্রেম ব্যাপারী’ শিরোনামে গান।

Advertisement

 

এমআই/এলআইএ