সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার পর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
Advertisement
এতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
জানাজা শেষে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন তার ছেলে আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।
দ্বিতীয় জানাজা শেষে বিকেল ৩টায় তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৫টায় তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে দাফন করার কথা রয়েছে।
Advertisement
এর আগে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে এ জানাজায় পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শফিক আহমেদের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এফএইচ/এমএএইচ/
Advertisement