জাতীয়

বাহাদুর শাহ পার্কে প্রাতঃভ্রমণকারীদের আয়োজনে বর্ষবরণ

বাংলা নতুন বছর ১৪৩৩ উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে প্রাতঃভ্রমণকারীদের উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ষবরণ। আয়োজনের মধ্যে ছিল নতুন পোশাক বিতরণ, পান্তা-ইলিশ পরিবেশ, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  

Advertisement

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পার্কে প্রবেশের সঙ্গে সঙ্গেই কানে ভেসে আসে ব্যান্ড দলের সুরেলা পরিবেশনা। এখানে প্রতিদিন নিয়মিত হাঁটতে আসা মানুষরাই এদিন আয়োজন করেন বিশেষ এই অনুষ্ঠান।

প্রাতঃভ্রমণকারী সংগঠনের উদ্যোগে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাংস্কৃতিক পরিবেশনা পার্কজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয়দের বলছেন, এ ধরনের আয়োজন নগরজীবনের একঘেয়েমি দূর করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

বাহাদুর শাহ পার্ক প্রাতঃভ্রমণকারী সংগঠনের সমন্বয়ক মো. কামাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের শেকড়ের উৎসব। এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।’

Advertisement

সংগঠনের সদস্য আবুল কাশেম জানান, তারা প্রতিদিন এখানে হাঁটতে আসেন। কিন্তু পহেলা বৈশাখে এই জায়গাটা যেন অন্যরকম হয়ে উঠেছে। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হয়েছে।

এমডিএএ/একিউএফ