দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

Advertisement

সোমবার (১৩ এপ্রিল) রাতে ভুক্তভোগী উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে নবীনগর থানায় মামলাটি করেন।

মামলায় ঠিকাদার লোকমান হোসেন ও তার চালক বিল্পাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৪-৫ জনকে।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, এজহারের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়ালের নির্মাণ কাজ চলছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকিতে গিয়ে সত্যতা পান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এসময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে প্রকৌশলী তরিকুলকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন ঠিকাদার লোকমান ও তার লোকজন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

Advertisement