জাতীয়

কৃষক হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়া থেকে গ্রেফতার

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি মো. সোহেলকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব-৭।

Advertisement

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখীল এলাকার বাসিন্দা।

র‌্যাব ও মামলার সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলম শামিম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। আসামিদের সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আগে একাধিকবার ঝগড়া ও হুমকির ঘটনাও ঘটে।

Advertisement

গত ৮ এপ্রিল রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে শামিমকে সীতাকুণ্ডের মধ্যম ভাটেরখীল এলাকার একটি সড়কের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে ওৎ পেতে থাকা একদল ব্যক্তি ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ঘটনার পর জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত করা হয়। এরই ধারাবাহিকতায় পলাতক আসামি সোহেলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার সোহেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এমআরএএইচ/জেএইচ