ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপে নিজের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত ছিলেন মেলোনি।
Advertisement
মঙ্গলবার ইতালীয় দৈনিক কোরিয়েরে দেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তার ওপর হতাশ। আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।’
সাক্ষাৎকারটি প্রকাশিত হয় মেলোনি ট্রাম্পের পোপ পোপ লিও চতুর্দশের সমালোচনাকে ‘অগ্রহণযোগ্য’ বলার একদিন পর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন পোপ।
ট্রাম্প ইংরেজিতে বলেন, তিনি (পোপ) অগ্রহণযোগ্য, কারণ তিনি পরোয়া করেন না যে ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে ও সুযোগ পেলে তারা দুই মিনিটে ইতালিকে ধ্বংস করে দেবে।
Advertisement
২০২২ সালের অক্টোবর থেকে ইতালির নেতৃত্বে থাকা মেলোনি আগে ইউরোপে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন ছিলেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভিন্নমতের মধ্যে সমন্বয় করতেও তিনি প্রায়ই ভূমিকা রাখতেন।
তবে ট্রাম্প বলেন, এই মাসে তাদের মধ্যে কোনো কথা হয়নি। অনেক দিন ধরেই তার সঙ্গে কথা হয় না ও তিনি ন্যাটোতে আমাদের সাহায্য করছেন না। তিনি আরও বলেন, তিনি পারমাণবিক অস্ত্রধারী ইরানকে থামাতে সাহায্য করতে চান না। খুবই দুঃখজনক… তিনি আমার ধারণার চেয়ে সম্পূর্ণ ভিন্ন।
ট্রাম্প ন্যাটো সামরিক জোটকে ‘কাগুজে বাঘ’ হিসেবে উল্লেখ করেন ও ইউরোপকে সমালোচনা করে বলেন, তারা হরমুজ প্রণালির জন্য লড়তে রাজি নয়, যেখানে থেকে তারা জ্বালানি পায়। তিনি আরও বলেন, মেলোনি আর আগের মতো নেই। ইতালিও আগের মতো দেশ নয়। অভিবাসন ইতালি ও পুরো ইউরোপকে ধ্বংস করছে।
মেলোনির প্রতি দেশীয় সমর্থন
Advertisement
এদিকে, ট্রাম্প তীব্র সমালোচনা করলেও ইতালির প্রধানমন্ত্রীর মিত্র ও রাজনৈতিক প্রতিপক্ষ উভয়েই তার প্রতি সমর্থন জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি এক্সে লিখেছেন, আমরা পশ্চিমা ঐক্যের দৃঢ় সমর্থক ও যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য মিত্র। তবে এই ঐক্য পারস্পরিক আনুগত্য, সম্মান ও সততার ওপর প্রতিষ্ঠিত।
তিনি বলেন, এতদিন ট্রাম্প মেলোনিকে সাহসী মনে করতেন এবং তিনি ভুল ছিলেন না, কারণ তিনি এমন একজন নারী, যিনি নিজের মত প্রকাশে কখনো পিছপা হন না।
মধ্য-বামপন্থি ডেমোক্র্যাটিক পার্টির নেতা এলি শ্লেইন ট্রাম্পের বক্তব্যকে ‘গুরুতর অসম্মান’ বলে নিন্দা জানান।
তিনি পার্লামেন্টে বলেন, আমাদের সংবিধান স্পষ্ট ও ইতালি যুদ্ধ প্রত্যাখ্যান করে।
এদিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) আলাদাভাবে ইতালি ইসরায়েলের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে, যার মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময় ও প্রযুক্তি গবেষণার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
ইতালীয় গণমাধ্যমের বরাতে মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
গত সপ্তাহে লেবাননে ইতালীয় শান্তিরক্ষীদের বহরের দিকে সতর্কতামূলক গুলি চালানোর অভিযোগে ইতালীয় সরকার ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ