স্বাস্থ্য

চীনের সহযোগিতায় বিএমইউতে চালু হতে পারে জয়েন্ট সার্জারি ক্লিনিক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কালচারাল কাউন্সিলর লি শারপেন এবং থার্ড সেক্রেটারি ঝু ইয়ং।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সহযোগিতায় বিএমইউতে একটি আধুনিক জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে উচ্চতর চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য গবেষণা এবং আধুনিক চিকিৎসাসেবা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়। শিগগির এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনার কথাও জানানো হয়।

এছাড়া, চলতি মাসেই কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের চারজন বিশেষজ্ঞ বিএমইউতে এসে জটিল অপারেশন, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়।

Advertisement

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

একই দিনে বিএমইউতে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া বক্তব্যের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পক্ষ থেকে তাকে প্রশংসাপত্র দেওয়া হয়।

প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাস বর্তমানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে সংক্রামক রোগ বিভাগের রিডার এবং মেডিকেল এডুকেশনের প্রফেসর হিসেবে কর্মরত। তিনি অক্সফোর্ড সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার গবেষণার মূল ক্ষেত্র ক্লিনিক্যাল ট্রায়াল, ভ্যাকসিন উন্নয়ন এবং কোভিড-১৯, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি ও অন্যান্য সংক্রামক রোগ। দীর্ঘদিন ধরে তিনি থাইল্যান্ড ও ঘানায় ম্যালেরিয়া ও মেলিওইডোসিস নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেছেন।

Advertisement

এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা ভবিষ্যতে দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করবে এবং আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বৈঠকে আশা প্রকাশ করেছে বিএমইউ কর্তৃপক্ষ।

এসইউজে/এমকেআর