জীববিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও ভালোবাসাকে আরও জাগ্রত করতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক পর্ব।
Advertisement
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও নরসিংদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এবারের স্লোগান ছিল আশা জাগানিয়া লিথুয়ানিয়া।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১০০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও অংশগ্রহণ করে ৭৬০ জন। জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াড।
প্রতিযোগিতার ফলাফলে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ান অব দ্য চ্যাম্পিয়ান হয় মুশফিরাত হাসান তুবা (মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ)। সেকেন্ডারি বিভাগে এ অর্জন করে রাকিন শাহরিয়ার বিন কাবির (সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল) এবং হায়ার সেকেন্ডারি বিভাগে সেরা হয় ইসমাত জাহান ঔশি।
Advertisement
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে শেকৃবির কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বিডিবিও ঢাকা নর্থের সাধারণ সম্পাদক মো. রানা ইসলামের নেতৃত্বে প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক (এনজাইম) নিরলসভাবে কাজ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। এছাড়া অতিথি হিসেবে ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী।
বিডিবিও মডারেটর অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন বলেন, এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং জীববিজ্ঞানকে আনন্দের সঙ্গে শেখার একটি উৎসব।
তিনি আরও জানান, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক এই তিন ধাপে আয়োজিত অলিম্পিয়াডটি এরই মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের সম্ভাবনা তৈরি করেছে।
Advertisement
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, এ ধরনের আয়োজন শেকৃবির জন্য গর্বের।
তিনি জীববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বলেন, বায়োলজির ওপর ভিত্তি করেই বায়োফিজিক্স ও বায়োকেমিস্ট্রির বিকাশ ঘটেছে। একটি কোষের অভ্যন্তরের জটিল কার্যক্রমের উদাহরণ দিয়ে তিনি শিক্ষার্থীদের বৈজ্ঞানিকভাবে চিন্তা করার আহ্বান জানান।
এমডিএসএ/এমআইএইচএস