শিক্ষা

এসএসসি পরীক্ষা ঘিরে কেন্দ্রের ২০০ গজে সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কেন্দ্রে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে বিশেষ বিধিনিষেধ জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

Advertisement

পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ, মিছিল, মাইক ব্যবহারসহ সব ধরনের উচ্চশব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২১ এপ্রিল থেকে নগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের আশপাশে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করা হয়েছে।

Advertisement

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পর এক ঘণ্টা পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে অস্ত্র, লাঠিসোঁটা, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন বা ব্যবহার করা যাবে না। একই সঙ্গে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা, মাইক্রোফোন, লাউডস্পিকার কিংবা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহারও নিষিদ্ধ থাকবে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশের ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের কেন্দ্র এলাকায় প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরীক্ষার দিনগুলোতে সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মহানগর পুলিশ বলছে, পাবলিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতি বছরই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এবারও পরীক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য নগরজুড়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisement

এমআরএএইচ/এমআরএম