ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মো. মাসুম শেখ (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) সকাল দশটার দিকে পৌর সদরের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মাছ বাজার এলাকায় অবস্থিত রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে ট্যাংকির ভেতরে নেমে কাজ করছিলেন মাসুম শেখ। ধারণা করা হচ্ছে ভেতরে নেমে কাজ করার সময় গ্যাসে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকি থেকে ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্-আবু-জাহের জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গ্যাসের কারণে তিনি মারা গেছেন। তারপরও তদন্তপূর্বক বিস্তারিত তথ্য জানানো যাবে।
এন কে বি নয়ন/এফএ/এএসএম