পিরোজপুরের জিয়ানগরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে জিয়ানগর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর থেকে এ বিটুমিন উদ্ধার করে নিয়ে যায়। প্রায় ১ মাস ধরে বাদল হাওলাদারের বাড়ির ভেতর এই বিটুমিন রক্ষিত ছিল।
বাড়ির মালিক বাদল হাওলাদার জানান, তিনি ঢাকায় থাকেন। তার বাড়িতে কে বা কারা এই বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না।
এর আগে গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের ভাইয়ের ছেলে জিয়ানগর বাজারের ব্যবসায়ী মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৯ ব্যরেল চোরাই বিটুমিন উদ্ধার করে। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওদারের বলে জনমনে সন্দেহ থাকলেও তিনি তা অস্বীকার করেছেন।
Advertisement
জিয়ানগর থানার দায়িত্বে থাকা এসআই সাইদুজ্জামান জানান, সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর অনেকদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন রক্ষিত ছিল। বাড়ির মালিক জানেন না এই বিটুমিন কে বা কারা রেখেছে। অনেকেই এই বিটুমিনের মালিকানা দাবি করে যোগাযোগ করলে আমরা বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। উপযুক্ত মালিক পেলে আদালতের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হবে।
জিয়ানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, জিয়ানগর উপজেলা সেউতিবাড়ীয়া গ্রামের বাদল ফকির নামক একজন স্থানীয় ব্যক্তির বাড়ি থেকে ৭৫ ব্যারেল বিটুমিন উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে এই ব্যারেলগুলোর কোনো প্রকৃত মালিক পাওয়া যায়নি। তবে যাচাই-বাছাই করে মালিক যিনি রয়েছেন তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
মো. তরিকুল ইসলাম/এফএ/এমএস
Advertisement