পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে একটি কূপ থেকে একটি মানবকঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) হাসপাতালের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে শ্রমিকরা ম্যানহোলের ভেতরে সন্দেহজনক কিছু দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
Advertisement
পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যানহোল খুলে ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করে। তাৎক্ষণিক কঙ্কালটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে এ নিয়ে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের অংশ হিসেবে গণপূর্ত বিভাগের পরিচ্ছন্নকর্মীরা কাজ করছিলেন। ঝোপঝাড় কেটে ড্রেনগুলো পরিষ্কার করতে গিয়ে হাসপাতালের উত্তর দিকে রান্নাঘরের পাশে অবস্থিত সেপটিক ট্যাংকের পাশের একটি পরিত্যক্ত কূপে নজর পড়তেই সেখানে পচা মানবদেহসহ কঙ্কাল দেখতে পান। পরে সেটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, ওই কূপটি পরিত্যক্ত হওয়ায় সাধারণত খোলা হয় না বা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হয় না বলেই আমরা জানি। এর কাছে সেভাবে কেউ যায়ও না। ফলে এই কঙ্কালের বিষয়ে হাসপাতালের কোনো ধারণা নেই। পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবে।
Advertisement
পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, কঙ্কালটি উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে। তিনি বলেন, কঙ্কালটি অনেক আগের বলে মনে হয়েছে। এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পুলিশের কাছে নেই। তবে চিকিৎসার ক্ষেত্রে প্র্যাকটিসের অব্যবহৃত কঙ্কাল হতে পারে। আবার কেউ কখনো ম্যানহোলটিতে পরে গিয়েও থাকতে পারে। যেটি হয়ত পরে কঙ্কালে রূপ নিয়েছে।
তিনি আরও বলেন, এটি পুরুষ নাকি নারী, বয়স কত বা কতদিন আগে মৃত্যু হয়েছে, এসব কোনোকিছুই এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার জন্য সিআইডির কাছে দেওয়া হবে। এছাড়া ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর আগে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো সম্ভব না।
আলমগীর হোসাইন নাবিল/এমএন/এমএস
Advertisement