যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দেশের জন্য অস্ত্র হাতে নিতে রাজি নয় যুক্তরাজ্যের অধিকাংশ তরুণ। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।
Advertisement
জরিপ অনুযায়ী, ১৬ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ৫০ শতাংশ জানিয়েছেন, তারা ‘কোনো পরিস্থিতিতেই’ যুক্তরাজ্যের জন্য যুদ্ধে যাবেন না। মাত্র ৩৮ শতাংশ বলেছেন, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তারা যুদ্ধে অংশ নিতে পারেন। বাকিরা এ বিষয়ে নিশ্চিত নন।
জরিপটি পরিচালনা করেছে জন স্মিথ সেন্টার, যা গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধীন একটি গবেষণা প্রতিষ্ঠান। এতে ১৬ থেকে ২৯ বছর বয়সী দুই হাজার তরুণ-তরুণীর মতামত নেওয়া হয়।
আরও পড়ুন>>যুক্তরাজ্যের এলিট বাহিনীতে হঠাৎ পদত্যাগের হিড়িক, কারণ কী?যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থিদের ওপর নজরদারিতে গোয়েন্দা ভাড়া ১২ বিশ্ববিদ্যালয়েরইরান যুদ্ধে যুক্ত হবে না যুক্তরাজ্য, অনড় স্টারমার
Advertisement
জরিপে দেখা গেছে, নতুন প্রজন্ম আগের তুলনায় কম দেশপ্রেমী এবং জাতীয় পরিচয় ও গর্বের বিষয়ে তাদের মধ্যে স্পষ্ট প্রজন্মগত বিভাজন তৈরি হয়েছে। একই সঙ্গে, গত এক বছরে নিজেদের জীবন বাবা-মায়ের চেয়ে ভালো হবে বলে মনে করেন এমন তরুণের হার ৬৩ শতাংশ থেকে এক ধাক্কায় ৩৬ শতাংশে নেমে গেছে।
দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতিও আস্থা কমেছে তরুণদের। মাত্র ২৫ শতাংশ তরুণ মনে করেন, রাজনৈতিক ব্যবস্থা তাদের সঙ্গে ন্যায়সংগত আচরণ করে।
গবেষণা কেন্দ্রটির পরিচালক এডি বার্নস বলেন, ‘যে দেশ তাদের জন্য লড়ছে না, সেই দেশের জন্য তরুণরা কেন লড়বে—এমন প্রশ্নই এখন সামনে আসছে।’ তার মতে, আবাসন সংকট, কম মজুরি, শিক্ষাঋণের বোঝা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে উদ্বেগ তরুণদের মধ্যে হতাশা বাড়াচ্ছে।
জরিপে অংশগ্রহণকারীরা আর্থিক অনিশ্চয়তা, চাকরির নিরাপত্তাহীনতা এবং বাসস্থানের সমস্যা—এই তিনটিকে তাদের প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। একইভাবে, বেশি বেতন, সাশ্রয়ী বাসস্থান এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি—এই তিনটি বিষয় তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তারা।
Advertisement
এছাড়া, ৫৫ শতাংশ তরুণ মনে করেন, এআই প্রযুক্তির কারণে ভবিষ্যতে চাকরির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। জরিপে আরও দেখা গেছে, ‘যুক্তরাজ্যে গণতন্ত্র সংকটে রয়েছে’—এই বক্তব্যের সঙ্গে একমত ৫৬ শতাংশ তরুণ, যেখানে মাত্র ১৩ শতাংশ দ্বিমত পোষণ করেছেন।
সূত্র: দ্য টেলিগ্রাফকেএএ/