গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সরকার থেকে পাওয়া অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
Advertisement
রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাতের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি অডিট ফার্মের মাধ্যমে ওই অর্থ ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক তা গ্রহণ করেছে। এ কারণে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, অনুদানের পুরো অর্থের হিসাব তাদের কাছে সংরক্ষিত রয়েছে। ক্যাম্পেইনের ব্যয় শেষে বাংলাদেশ ব্যাংকের একটি অডিট ফার্ম দিয়ে সম্পূর্ণ কার্যক্রমের নিরীক্ষা সম্পন্ন করা হয়। পরে সেই অডিট প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হলে তারা তা গ্রহণ করে।
Advertisement
তিনি বলেন, অর্থ আত্মসাতের মতো কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যাংক এতদিন নীরব থাকত না। কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাই গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা হচ্ছে।
গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা রিফাত রশিদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ আনেন।
এফএআর/এনএইচআর
Advertisement