সোহম চক্রবর্তীকে নদীয়া জেলার করিমপুর বিধানসভার প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার (২৫ এপ্রিল) নির্বাচনি প্রচারণায় বেরিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই অভিনেতা। পিয় তারকাকে কাছে পেয়ে অলিগলিতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যেই এক নারী আচমকা করে বসেন আজব এক আবদার। সোহমের হাতে হরলিক্স দিয়ে তিনি দাবি করেন, এগুলো তাকে অবশ্যই খেতে হবে।
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রচারে বেরোনো সোহমের দিকে প্লেট হাতে এগিয়ে আসেন ওই নারী। তাতে রাখা হরলিক্সের ছোট দুটি প্যাকেট, সঙ্গে কাঁচি। একপর্যায়ে প্যাকেট কেটে প্লেটে হরলিক্স ঢেলে দেন ওই নারী ভক্ত।
এরপরই সেই নারীর আবদার, ‘আমি ছোটবেলা থেকে আপনার সিনেমা দেখছি। আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। এই হরলিক্স আপনাকে খেতে হবে।’
ভক্তের এমন আবদারে খানিকটা বিব্রত হন তৃণমূল প্রার্থী সোহম। খানিকটা হেসে তিনি বলেন, আমি প্রচারে বেরিয়েছি, এই হরলিক্স এখন খাওয়া যাবে না। কিন্তু নারী নাছোড়বান্দা, সোহমকে হরলিক্স না খাইয়ে ছাড়বেন না।
Advertisement
সোহমের সঙ্গে থাকা দলীয় কর্মীরা সেই নারীকে বোঝানোর চেষ্টা করেন। তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট বাচ্চাদের দেখিয়ে সোহম বলেন, বাচ্চারা আছে, হরলিক্স ওদের দেন।
কিন্তু কেন এই বিড়ম্বনায় পড়তে হলো সোহমকে। টলিউডের বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরী ‘ছোট বউ’ নামে একটি বাংলা সিনেমা তৈরি করেছিলেন। সেই সিনেমায় শিশু শিল্পী হিসেবে ছিলেন বছর চারেকের ‘মাস্টার বিট্টু’ অর্থাৎ বর্তমানে সোহম চক্রবর্তী। সিনেমায় তিনি হরলিক্স খেতে ভালোবাসতেন। এই সিনেমার একটি জনপ্রিয় দৃশ্যে দেখা যায় মাস্টার বিট্টু তার মায়ের কাছে হরলিক্স খেতে চায়। বলে, ‘মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব।’ সিনেমার সেই সংলাপটি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কিন্তু সেই ছোট্ট বিট্টু আর ছোট নেই। তিনি এখন সোহম চক্রবর্তী, টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা এবং পশ্চিমবঙ্গে শাসক দলের বিধায়ক প্রার্থী।
ডিডি/কেএএ/
Advertisement