জাতীয়

চট্টগ্রামে সাজিদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের আলোচিত শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) সকালে র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গ্রেফতার আসামির নাম অনিক দাস (২০)। তিনি এই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি বলে জানিয়েছে র‌্যাব-৭।

নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পড়াশোনার জন্য নগরের ডিসি রোড এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল বিকেলে চকবাজারের বৌবাজার এলাকায় বন্ধুর সঙ্গে কথা বলছিলেন সাজিদ। এ সময় কয়েকজন যুবক তাকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টা করে। সেখান থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন তিনি।

আরও পড়ুনবৃষ্টির গ্রামের বাড়িতে শোকের ছায়া, মরদেহ ফেরত আনার দাবি বাবার ‘তীর্থের কাকের মতো চেয়ে থাকি কখন বিদ্যুৎ আসে’ 

অভিযোগ রয়েছে, পিছু নেওয়া ব্যক্তিরা ভবনের দারোয়ানকে ‘চোর ঢুকেছে’ বলে গেট খুলতে বাধ্য করে। পরে ভবনের অষ্টম তলায় গিয়ে সাজিদকে মারধর করে লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সাজিদের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রেকর্ড করা হয়।

Advertisement

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অনিক দাস আনোয়ারা এলাকায় আত্মগোপনে আছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এমআরএএইচ/কেএসআর