চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও ভয়ংকর বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার মেঘনা নদীর পাড় থেকে সাপ উদ্ধারের সময় এক যুবক কামড় খেয়ে আহত হয়েছেন। কামড়ের পরও তিনি সাপটি ধরে পলিথিন ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসেন।
Advertisement
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের এখলাসপুর আবাসন এলাকার মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। আহত মো. সোহেল (৩১) একই এলাকার সেলিম প্রধানের ছেলে।
সোহেল জানান, সকালে নতুন বাড়িতে যাওয়ার পথে মেঘনা নদীর পাড়ে একটি জালে বড় আকৃতির রাসেলস ভাইপার সাপ আটকে থাকতে দেখেন। সাপটি তখন ছটফট করছিল। জাল থেকে ছাড়াতে গেলে হঠাৎ সাপটি তার হাতে কামড় দেয়।
কামড়ের পরও তিনি সাহস করে সাপটি ধরে পলিথিন ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসেন। পরে সেটি প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে আসেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
Advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর ধরে মেঘনা নদীর পাড় ও চরাঞ্চল বিশেষ করে বোরচর, চর উমেদ ও এখলাসপুর এলাকায় বিষধর সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত বছরও এখলাসপুর নদীর পাড়ে কয়েকটি রাসেলস ভাইপার মারা হয়েছিল। অনেক সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ভ্যাকসিন না থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। দ্রুত পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, ‘ঘটনাটি জেনেছি। সামনে বর্ষা মৌসুম, তাই কৃষক ও জেলে ভাইদের আরও বেশি সতর্ক থাকতে হবে। যদি কাউকে সাপে কামড় দেয়, তাহলে কোনো ধরনের ঝাড়ফুঁক নয়, তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম রয়েছে। একজন সাপে কাটা রোগীকে প্রথম ধাপে ১০টি ভেনম দিতে হয়। প্রয়োজনে আরও ১০টি দেওয়া হয়। প্রতিটি ভেনমের দাম এক হাজার ৪০০ টাকা। আমরা বর্তমানে ২০০টি ভেনম সংগ্রহ করেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘উপজেলা পরিষদ থেকে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন (অ্যান্টিভেনম) কিনতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি, এই ভ্যাকসিন আগামী দুই বছরেও শেষ হবে না।’
Advertisement
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া রাসেলস ভাইপার সাপটির বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শরীফুল ইসলাম/এসআর/এএসএম