মৌলভীবাজারে গত দুই দিনের শক্তিশালী কালবৈশাখী ঝড়ে ৮৫৫টি কাঁচা ও আধপাকা ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে উপরে পড়েছে অসংখ্য গাছ-বাঁশ।
Advertisement
বুধবার (২৯ এপ্রিল) জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই দিনের কালবৈশাখী ঝড়ে জেলার কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও মৌলভীবাজার সদর উপজেলায় কাঁচা ও আধপাকা ৮৫৫টি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে। সংশ্লিষ্ট জন প্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রকল্প কর্মকর্তারা এই তালিকা করেছেন।
জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলায় কয়েকদফা কালবৈশাখী ঝড় হয়। ঝড়ে জেলার ৭টি উপজেলায় অনেক কাঁচা ও আধপাকা ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, কালবৈশাখী ঝড়ে জেলায় প্রাথমিক অবস্থায় ৮৫৫টি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য ১০০ টন চাল ও ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
Advertisement
এম ইসলাম/এনএইচআর/জেআইএম