আইন-আদালত

গাঁজাসহ আটক নারী ৩ সন্তান নিয়ে কারাগারে, কিশোর ছেলে উন্নয়ন কেন্দ্রে

রাজধানীতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক এক নারীকে তিন শিশু সন্তানসহ কারাগারে পাঠিয়েছেন আদালত। তার সঙ্গে থাকা আরেক কিশোর ছেলেকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

Advertisement

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার দুই পৃথক আদালত লাকি আক্তার নামের ওই নারীর বিষয়ে এ আদেশ দেন। মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় ৩০ কেজি গাঁজা নিয়ে ঢাকায় এসে বিমানবন্দর এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হাতে আটক হন তিনি। এ সময় তার সঙ্গে চার সন্তান ছিল।

পুলিশ জানায়, আটক লাকির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদা আফরোজ।

Advertisement

তবে লাকি আক্তারের পক্ষে কোনো জামিন আবেদন ছিল না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহদাত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার সঙ্গে থাকা ৫, ৬ ও এক বছর বয়সী তিন শিশুকে মায়ের সঙ্গে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, তার ১৭ বছর বয়সী ছেলের বিষয়ে পৃথকভাবে শিশু আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আদালত প্রাঙ্গণে নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে লাকি আক্তার তার জীবনের নানা কষ্টের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, পারিবারিক অবহেলা ও আর্থিক সংকটের কারণে বাধ্য হয়ে এ পথে জড়িয়েছেন। স্বামীর নির্যাতন এবং সন্তানদের ভরণপোষণের অভাবের কথাও উল্লেখ করেন তিনি।

তার পরিবারে অভাবের কথাও জানান লাকি। তিনি বলেন, মা অন্য জেলায় থাকেন এবং ভাই দেশের বাইরে থাকায় সন্তানদের দেখাশোনার মতো কেউ নেই।

Advertisement

এদিকে, এক আইনজীবী লাকীর পক্ষে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। তিনি জানিয়েছেন, মানবিক দিক বিবেচনায় দ্রুত জামিনের আবেদন করা হবে।

এমডিএএ/বিএ