ময়মনসিংহের মুক্তাগাছায় মো. সিয়াম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সিয়াম।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মো. সিয়াম একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলা চলছিল। রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। এসময় কথাবার্তার একপর্যায়ে বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় সিয়ামকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সিয়াম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে সিয়াম মারা যায়।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে।
কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/এএসএম
Advertisement