ইসলাম একটি পরিপূর্ণ, চিরন্তন ও সর্বজনীন জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। মানবজাতির সূচনালগ্ন থেকেই এই দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, যা আদি মানব হজরত আদম (আ.) থেকে শুরু হয়ে সর্বশেষ নবী হজরত মুহাম্মাদের (সা.) মাধ্যমে পূর্ণতা লাভ করে। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীন হলো ইসলাম। ফলে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের প্রতিটি স্তরে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক দিকনির্দেশনা প্রদান করে।
Advertisement
ইসলামের ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক নির্দেশনা রয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, দরিদ্রের প্রতি ধনীর দায়িত্ব, শ্রমিকের প্রতি পুঁজিপতির দায়িত্ব, শ্রমিকের অধিকার ইত্যাদি ব্যাপারেও। ইতিহাসে আমরা দেখতে পাই, মানবসমাজে বৈষম্য, শোষণ ও বঞ্চনার এক দীর্ঘ ধারা বিদ্যমান। এই বৈষম্যের সবচেয়ে বেশি শিকার হয়েছে শ্রমজীবী মানুষ বা শ্রমিক সম্প্রদায়, যারা যুগে যুগে নানা অত্যাচার ও বঞ্চনার শিকার হয়েছে।
এই প্রেক্ষাপটে বিভিন্ন অর্থনৈতিক মতবাদ যেমন পুঁজিবাদ ও সমাজতন্ত্র শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবে তারা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। পুঁজিবাদী ব্যবস্থায় মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন। এখানে শ্রমিককে অনেক সময় একটি উৎপাদনযন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। শ্রমিকের কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎপাদিত সম্পদ মূলত পুঁজিপতির হাতেই কেন্দ্রীভূত হয়, আর শ্রমিক পায় সীমিত মজুরি ও অমানবিক জীবনযাপন। এমন কি পুঁজিবাদী চিন্তাধারায় এমন নির্মম মতও প্রকাশ পেয়েছে যে, শ্রমিকদের নিয়ন্ত্রণে রাখতে তাদের অভাবগ্রস্ত রাখা প্রয়োজন। এতে স্পষ্ট হয়, এই ব্যবস্থায় শ্রমিকের মানবিক মর্যাদা ও অধিকার যথাযথভাবে স্বীকৃত নয়।
অন্যদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থাও শ্রমিকবান্ধব বলে দাবি করলেও বাস্তবে তা অনেক ক্ষেত্রে শ্রমিকের স্বাধীনতা হরণ করেছে। সমাজতন্ত্র শ্রমিকদের সমতার স্বপ্ন দেখালেও ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকারকে সীমাবদ্ধ করে দিয়েছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রেখে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। ফলে শ্রমিকের প্রকৃত কল্যাণ সেখানে নিশ্চিত হয়নি; বরং নতুন ধরনের নিপীড়ন সৃষ্টি হয়েছে।
Advertisement
এই দুই ব্যবস্থার সীমাবদ্ধতার বিপরীতে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক শ্রমনীতি উপস্থাপন করেছে। ইসলামের দৃষ্টিতে শ্রম অত্যন্ত সম্মানজনক বিষয়। শ্রমকে অবমূল্যায়ন নয়, বরং ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজ শেষে মানুষ যেন জীবিকার সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ, আধ্যাত্মিকতা ও কর্ম—এই দুইয়ের সমন্বয়ই ইসলামের মূল শিক্ষা।
হাদিসে বলা হয়েছে, একজন মানুষের নিজের হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কিছু নেই। নবী দাউদ (আ.) নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। এটি প্রমাণ করে, শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন ইসলামে অত্যন্ত সম্মানজনক ও পছন্দনীয়। একইভাবে ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছে এবং পরিশ্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি উৎসাহ দিয়েছে।
ইসলাম শ্রমিকসহ শিক্ষা ও অর্থনৈতিক সামর্থ্যে পিছিয়ে পড়া সব মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় একটি বিপ্লবাত্মক দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। বলা হয়েছে, আল্লাহর কাছে মর্যাদার একমাত্র মানদণ্ড হলো তাকওয়া, অর্থ বা সামাজিক অবস্থান নয়। ফলে ইসলাম ধনী-গরীব, মালিক-শ্রমিকের মধ্যে কোনো বৈষম্য স্বীকার করে না। নবী-রাসূলগণের জীবনেও আমরা দেখি, তারা সবাই কোনো না কোনো শ্রমে নিয়োজিত ছিলেন, দরিদ্র পরিবারের ছিলেন। এতে স্পষ্ট হয়, দারিদ্র্য বা শ্রম কোনো লজ্জার বিষয় হতে পারে না এবং এ কারণে মৌলিকভাবে কারো মর্যাদা কমে যায় না।
শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রেও ইসলাম অত্যন্ত সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে যে, শ্রমিক নিয়োগের পূর্বেই তার মজুরি নির্ধারণ করতে হবে এবং কাজ শেষে দ্রুত পরিশোধ করতে হবে। হাদিসে বলা হয়েছে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে।
Advertisement
ইসলাম শ্রমিকের সামর্থ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়ার অনুমতি দেয় না। বরং কাজের পরিমাণ ও প্রকৃতি নির্ধারণে শ্রমিকের সক্ষমতা বিবেচনা করার নির্দেশ দিয়েছে। কোরআনের নীতিমালা অনুযায়ী, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। এই নীতির আলোকে শ্রমিকের কর্মঘণ্টা ও কাজের ধরন নির্ধারণ করা উচিত।
শ্রমিকের ব্যক্তিস্বাধীনতা ও স্থানান্তরের অধিকারও ইসলাম স্বীকৃতি দিয়েছে। একজন শ্রমিক চাইলে নিজের সুবিধামতো কর্মস্থল পরিবর্তন করতে পারে—এতে কোনো বাধা নেই। এটি শ্রমিকের স্বাধীনতা ও মর্যাদার একটি গুরুত্বপূর্ণ অংশ।
ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা শ্রমিকদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। পুঁজিবাদ ও সমাজতন্ত্র যেখানে শ্রমিকদের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ইসলাম একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ভারসাম্যপূর্ণ সমাধান দিয়েছে। যদি ইসলামের এই নীতিমালা বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগ করা যায়, তাহলে একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
ওএফএফ