অর্থনীতি

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপটার মিটে পিডিএল রেডি মিক্স কংক্রিট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুইজ, বিজনেস কেস, মর্টার কার্যক্ষমতা পরীক্ষা, গবেষণা পোস্টার উপস্থাপনা এবং টেকসই নির্মাণসামগ্রী বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

‘এসিআই স্টুডেন্ট চ্যাপটার মিট’ শীর্ষক এ সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এই জ্ঞানভিত্তিক আয়োজনের স্পন্সর ছিল পিডিএল রেডি মিক্স কংক্রিট।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মর্টার কার্যক্ষমতা পরীক্ষা, যেখানে শিক্ষার্থীরা বাস্তব নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের অনুপাত, গুণগত মান এবং কার্যকারিতা নিয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

নির্মাণখাতে মানসম্মত ও আধুনিক সমাধান প্রদানের পাশাপাশি ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবং শিল্প-শিক্ষা সংযোগ জোরদারে পিডিএল রেডি মিক্স কংক্রিটের এই সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশা করা হয়।

Advertisement

এই আয়োজনে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো— চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।

এদিন দুপুর ১২টায় কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে সকাল থেকেই কেন্দ্রীয় মিলনায়তনের নিবন্ধন ডেস্কে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। কুইজ ও বিজনেস কেস প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। প্রতিযোগিতা শুরু হওয়ার পর অংশগ্রহণকারীরা নির্মাণ খাতের বিভিন্ন প্রশ্ন ও বাস্তব সমস্যা সমাধানে মনোযোগ দেন।

একই সময় নির্মাণশিল্পের বর্তমান পরিস্থিতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং টেকসই নির্মাণ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নেন বিএসআরএম, হোলসিম ও পিডিএলের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভুইয়া। এছাড়া উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রিয়াজ আকতার মল্লিক, এসিআই বাংলাদেশ চ্যাপটারের সম্পাদক অধ্যাপক রুপক মাতসুদ্দি, সভাপতি তারেক উদ্দিন এবং এসিআই বাংলাদেশ চ্যাপটারের পরিচালক ও চুয়েট এসিআইয়ের অনুষদ উপদেষ্টা অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম।

Advertisement

তাদের আলোচনায় দেশের নির্মাণশিল্পের বর্তমান বাস্তবতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়।

চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভুইয়া বলেন, শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা, গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ একজন শিক্ষার্থীকে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আন্তঃবিশ্ববিদ্যালয় এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, গবেষণা এবং পেশাগত প্রস্তুতি বৃদ্ধিতে কার্যকর অবদান রাখবে।

বিএ