আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার অসাধারণ প্রতিভা এতটাই প্রাকৃতিক যে অন্যদের পক্ষে সেটি অনুসরণ করা প্রায় অসম্ভব। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলের জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি।
Advertisement
ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছেও মেসি যেন সব যুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন। আর তার সতীর্থরাও স্বীকার করছেন, এখনও তারা তাকে দেখে মুগ্ধ হন। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ম্যাক অ্যালিস্টার জানান, অন্য সবার চেয়ে ভিন্ন মাত্রায় খেলা একজন ফুটবলারের সঙ্গে মাঠ ভাগাভাগি করার অভিজ্ঞতা কেমন।
তিনি বলেন, ‘লিওর সঙ্গে থাকতে আমি খুব উপভোগ করি। তার মতো আর কেউ আসবে না। তার পাশে থেকে তাকে দেখা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। সে যা করে, সেগুলো স্বাভাবিক কিছু নয়। আমার দিক থেকে আমি শুধু এর সুবিধা নেওয়ার চেষ্টা করি। আমাদের জয়ের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তার প্রতি আমার গভীর শ্রদ্ধাও রয়েছে।'
ম্যাক অ্যালিস্টার আরও বলেন, ‘সে যা করে, তা থেকে শেখা খুবই কঠিন। কারণ বিষয়গুলো আপনি মাথায় কল্পনা করতে পারেন, কিন্তু কখনোই তার মতো করে করতে পারবেন না। আমি তার কাছ থেকে যা শিখি, তা হলো তার মূল্যবোধ এবং সে যে মানুষ, সেই অবস্থানে থেকেও তার বিনয়।'
Advertisement
বিশ্বকাপ অভিযান আর্জেন্টিনা শুরু করেছে দারুণভাবে। মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের একজনের কীর্তির সমতায় পৌঁছেছেন।
প্রথম গোলের আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাক অ্যালিস্টারের। তার কৌশলগত বুদ্ধিমত্তাই মেসিকে নিজের সেরাটা দেখানোর সুযোগ করে দেয়।
প্রথম গোলের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম গোলের সময় আমি দুই লাইনের মাঝখানে ছিলাম। আমি দেখেছিলাম লিও আমার পেছনে ছিল। আমি বলটা ছেড়ে দিয়েছিলাম—এ নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু যে কেউ ফুটবল খেলেছে, সে বুঝবে যে রদ্রিগো ডি পলের পাসের গতি যেমন ছিল, আমি খুব ভালো করেই জানতাম বলটি আমার জন্য ছিল না।‘
তৃতীয় গোল নিয়ে তিনি বলেন, ‘এটি ছিল দারুণ একটি আক্রমণ। ডান দিক থেকে শুরু হয়ে বাঁ দিকে শেষ হয়, এরপর বলটি আবার লিওর কাছে ফিরে আসে। তারপর পোস্টের পাশে তার নিখুঁত ফিনিশ—এটাও লিওর অবিশ্বাস্য সব কাজের আরেকটি উদাহরণ।‘
Advertisement
আরএএইচইউএল/এসকেডি/এএসএম