মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
Advertisement
সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে রাজার সহধর্মিণী রাজা জারিথ সোফিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে অভিষিক্ত হন সুলতান ইব্রাহিম। তিনি জোহর রাজ্যের সুলতান এবং দেশটির বিশেষ ঘূর্ণায়মান রাজতান্ত্রিক ব্যবস্থার আওতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন।
Advertisement
মালয়েশিয়ায় ৯টি রাজপরিবারের শাসকদের মধ্য থেকে পর্যায়ক্রমে রাজা নির্বাচনের অনন্য প্রথা চালু রয়েছে, যা বিশ্বের অন্যতম ব্যতিক্রমী সাংবিধানিক রাজতান্ত্রিক ব্যবস্থা হিসেবে পরিচিত।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রী চীনে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পরে চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
Advertisement
কেএইচ/ইএ