অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের ম্যাচে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ম্যাচের ৫৭তম মিনিটে ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন রোমেরো। তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। এই জয়ে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে জানা গেছে রোমের চোট নিয়ে বড় ধরনের শঙ্কা নেই।
Advertisement
গত মৌসুমের শেষ ছয়টি প্রিমিয়ার লিগ ম্যাচে খেলতে পারেননি রোমেরো। টটেনহ্যামের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। তবে দীর্ঘ পুনর্বাসন শেষে বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছিলেন এই সেন্টার-ব্যাক। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ৮০ মিনিট খেলেছিলেন রোমেরো।
তবে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধের মাত্র ১২ মিনিটের মাথায় তার মাঠ ছাড়তে হওয়ায় নতুন করে শঙ্কা তৈরি হয়। ইনজুরির প্রকৃত অবস্থা জানতে তার মেডিকেল পরীক্ষা করা হবে। তবে রোমেরো আশাবাদী, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন তিনি। যদিও নকআউট পর্বের কথা মাথায় রেখে কোচ লিওনেল স্ক্যালোনি ওই ম্যাচে একাদশে রদবদল আনতে পারেন।'ম্যাচ শেষে রোমেরো বলেন, 'আমি জানতাম এমনটা হতে পারে। ওই জায়গায় একটু সমস্যা ছিল, আবারও সেটা অনুভব করেছি। তবে তিন-চার দিনের মধ্যেই আমি ঠিক হয়ে যাব। এটা গুরুতর কিছু নয়। মাথা উঁচু রাখছি, আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব।'
চার বছর আগে আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমেরো। গত মৌসুমে টটেনহ্যামের হতাশাজনক পারফরম্যান্সের পরও জাতীয় দলে তার গুরুত্ব এতটুকুও কমেনি।
Advertisement
আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিও আশা করছেন, রোমেরোর চোট গুরুতর নয়। স্ক্যালোনি বলেন, 'কুটি (রোমেরো)-র সমস্যাটা ঠিক কতটা গুরুতর, সেটা আমরা এখনও জানি না। কিছুদিন ধরেই সে এই সমস্যার সঙ্গে লড়ছে। আমরা আশা করছি, এটা গুরুতর কিছু হবে না। শুধু সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়—যদিও তার বিকল্প আছে—তবুও পুরো দলকে পাওয়া সবসময়ই গুরুত্বপূর্ণ। আগামীকাল অথবা পরশু তার পরীক্ষা হবে, এরপরই বিষয়টি পরিষ্কার হবে।'
এসকেডি/এএসএম