বিশ্বকাপের মাঝেই ইউরোপের ফুটবল বাজারে বড়সড় ঝড় তুলেছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানানোর পর তাকে নিয়ে আগ্রহ আরও বেড়েছে বার্সেলোনার। তবে স্প্যানিশ ক্লাবটির কাছে স্পষ্ট বার্তা দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, আলভারেজকে নিতে হলে গুনতে হবে তার ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ।
Advertisement
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচের পর ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, তিনি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং সবার জন্যই ট্রান্সফারই সবচেয়ে ভালো সমাধান বলে মনে করেন। তার ভাষায়, তিনি নিজের স্বপ্ন পূরণ করতে চান। বেশ কিছুদিন ধরেই আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা করছে বার্সেলোনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা ইতোমধ্যে খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছে এবং দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিও তৈরি হয়েছে। তবে অ্যাটলেটিকো এখন পর্যন্ত সব ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
শুধু বার্সেলোনা নয়, এর আগে রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল অ্যাটলেটিকো। ক্লাবটির অবস্থান ছিল পরিষ্কার—আলভারেজ বিক্রির জন্য নয়।
এবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে কারণ খেলোয়াড় নিজেই প্রকাশ্যে বিদায়ের ইচ্ছা জানিয়েছেন। তবু অ্যাটলেটিকো কর্তৃপক্ষের দাবি, বার্সেলোনা যদি সত্যিই আলভারেজকে চায়, তাহলে তাদের রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে। এমনকি ক্লাবটি বার্সেলোনার আচরণ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছে।
Advertisement
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকোতে যোগ দেওয়া আলভারেজ দ্রুতই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। কিন্তু বিশ্বকাপ চলাকালেই তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া এই নাটকীয়তা ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এখন দেখার বিষয়, বার্সেলোনা কি সত্যিই আর্জেন্টাইন তারকাকে দলে টানতে নতুন কোনো কৌশল নেয়, নাকি অ্যাটলেটিকোর ৫০০ মিলিয়ন ইউরোর দেয়াল অটুটই থাকে।
টিটিটি/এসকেডি/এএসএম