দেশজুড়ে

মধ্যরাতে এসিল্যান্ডের অভিযান, অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় পাথরঘাটা গ্রামের একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পুকুর থেকে মাটি উত্তোলনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। স্থানীয়রা জানায়, পাথরঘাটা গ্রামের পুকুরটি তিন পাশ থেকে পাকা সড়ক দিয়ে বেষ্টিত। সম্প্রতি একটি চক্র পুকুরটি আরও গভীর করার নামে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি কেটে বিক্রি শুরু করে। এতে পুকুরের পাড় দুর্বল হয়ে পড়ে এবং চারপাশের পাকা সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা অভিযোগ করেন, এভাবে অপরিকল্পিতভাবে মাটি কাটতে থাকলে বর্ষা মৌসুমে সড়কের বড় ধরনের ক্ষতি হতে পারে। পাশাপাশি জনসাধারণের চলাচলেও ঝুঁকি তৈরি হবে। জনস্বার্থের বিষয়টি মাথায় রেখে তারা উপজেলা প্রশাসনে বিষয়টি জানান।

অভিযোগ পাওয়ার পর বুধবার দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় মাটি ব্যবসার সঙ্গে জড়িত হিমু আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি উত্তোলনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। একইসঙ্গে ভবিষ্যতে পুনরায় অবৈধভাবে মাটি কাটার চেষ্টা করা হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

Advertisement

উপজেলা প্রশাসনের (এসিল্যান্ড) পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, জলাশয় ও সরকারি অবকাঠামোর ক্ষতি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে মাটি কাটতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় মাটি কাটার সঙ্গে জড়িত হিমু আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়।’

তিনি আরও জানান, জনস্বার্থ ও সড়ক রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলমগীর হোসাইন নাবিল/এফএ/এএসএম

Advertisement