বর্ষা মানেই শুধু বৃষ্টি আর কাদামাটি নয়, গাছপালা লাগানোরও আদর্শ সময়। এই মৌসুমে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে, ফলে গাছ দ্রুত বেড়ে ওঠে। বাড়ির ছাদ, বারান্দা কিংবা ছোট্ট খোলা জায়গাতেও সহজে চাষ করা যায় নানা ধরনের সবজি। সামান্য যত্নেই কয়েক মাসের মধ্যে মিলতে পারে একেবারে টাটকা ও বিষমুক্ত সবজির জোগান। জেনে নিন বর্ষাকালে টবে চাষের জন্য উপযুক্ত কয়েকটি সবজি সম্পর্কে।
Advertisement
বর্ষার বাগানের অন্যতম জনপ্রিয় সবজি ঢ্যাঁড়স। দ্রুত বেড়ে ওঠা এই গাছ খুব বেশি পরিচর্যা দাবি করে না। মাঝারি বা বড় আকারের টবেই সহজে চাষ করা যায়। নিয়মিত পানি ও পর্যাপ্ত রোদ পেলে কয়েক সপ্তাহের মধ্যেই ফলন শুরু হয়। নতুন বাগানপ্রেমীদের জন্য ঢ্যাঁড়স চাষ সবচেয়ে সহজ বিকল্পগুলোর একটি।
করলাস্বাস্থ্যকর সবজির তালিকায় করলার নাম সবসময়ই থাকে। বর্ষার আর্দ্র আবহাওয়ায় করলার লতা দ্রুত বৃদ্ধি পায়। বারান্দার টবে চাষ করতে চাইলে একটি ছোট মাচা তৈরি করে দিতে হবে, যাতে লতাগুলো ছড়িয়ে উঠতে পারে। বীজ সরাসরি টবে না লাগিয়ে আগে কোকোপিটে চারা তৈরি করলে ভালো ফলন পাওয়া যায়।
ঝিঙাবর্ষার আরেক জনপ্রিয় সবজি ঝিঙা। পর্যাপ্ত আলো ও সঠিক পরিচর্যা পেলে গাছ দ্রুত বাড়ে এবং দীর্ঘদিন ফল দেয়। তবে টবে পানি জমে থাকলে শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে। তাই টবের পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখতে হবে। ঝিঙার ক্ষেত্রেও মাচা ব্যবহার করলে ফলন আরও ভালো হয়।
Advertisement
সব ঋতুতেই বেগুন চাষ করা গেলেও বর্ষায় এর বৃদ্ধি বেশ ভালো হয়। বড় টব বা ড্রামে একটি বেগুন গাছ লাগিয়ে দীর্ঘ সময় ধরে ফল পাওয়া সম্ভব। নিয়মিত জৈব সার প্রয়োগ এবং পোকার আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে পারলে একটি গাছ থেকেই প্রচুর বেগুন সংগ্রহ করা যায়।
কাঁচামরিচরান্নাঘরের অপরিহার্য উপাদান কাঁচামরিচ খুব সহজেই টবে চাষ করা যায়। ছোট বারান্দাতেও কয়েকটি টব রেখে মরিচের গাছ লাগানো সম্ভব। খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, অথচ নিয়মিত ফলন পাওয়া যায়। বর্ষাকালে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে নিমতেল বা জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে।
ভালো ফলন পেতে কিছু টিপস মানুন টবে পানি জমতে দেবেন না। সপ্তাহে অন্তত একবার জৈব সার ব্যবহার করুন। গাছ পর্যাপ্ত আলো পাচ্ছে কি না খেয়াল রাখুন। পোকামাকড় দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। বৃষ্টির অতিরিক্ত পানি থেকে টবকে সুরক্ষিত রাখুন।বর্ষার এই সময়টুকু কাজে লাগিয়ে বারান্দাতেই তৈরি করে ফেলতে পারেন ছোট্ট একটি সবজি বাগান। এতে যেমন শখ পূরণ হবে, তেমনি পরিবারের জন্য মিলবে নিরাপদ ও তাজা সবজির নিশ্চয়তা।
কেএসকে
Advertisement