রাজনীতি

চট্টগ্রামে এমপির সামনেই বিএনপিকর্মীর ওপর হামলার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে হামলার বিচার চাইতে গিয়ে সংসদ সদস্য সরওয়ার আলমগীর ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দের উপস্থিতিতেই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপিকর্মী ও প্রবাসী মানিক। এ ঘটনায় এক নারীসহ তার পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

রোববার (২৮ জুন) বিকেলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হেয়াঁকো বনানী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, আগের হামলার বিচার চেয়ে সংসদ সদস্য সরওয়ার আলমগীরের কাছে অভিযোগ জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতা নাসিরউদ্দিন বিপ্লবের সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বিপ্লব ও তার অনুসারীরা মানিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে মানিকসহ কয়েকজন আহত হন।

স্থানীয় কয়েকজনের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে নাসিরউদ্দিন বিপ্লব রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

Advertisement

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাসিরউদ্দিন বিপ্লব। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, সংসদ সদস্য ও পুলিশের উপস্থিতিতে বিপ্লব ও মানিক নামে দুই ব্যক্তির মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/এসএনআর

Advertisement