বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান, ওপেনার পারভেজ হোসেন ইমন এবং আরেক পেসার হাসান মাহমুদ।
Advertisement
ইংল্যান্ডের বহুল আলোচিত ১০০ বলের প্রতিযোগিতা দ্য হানড্রেডে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত তিনি এনওসি পাবেন। ফলে জাতীয় দলের ব্যস্ত সূচি না থাকায় পুরো টুর্নামেন্টেই মাঠে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে।
এদিকে তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনও বিদেশি লিগে খেলার ছাড়পত্র পাচ্ছেন। জিম্বাবুয়ে সফর শেষ করে তিনি গ্লোবাল সুপার লিগে অংশ নিতে লাহোর কালান্দার্সে যোগ দেবেন। এর আগে পাকিস্তান সুপার লিগেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি।
অন্যদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কেন্ট স্পিটফায়ার্স আবারও দলে ভিড়িয়েছে হাসান মাহমুদকে। ভিটালিটি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে খেলবেন এই ডানহাতি পেসার। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুটি ম্যাচে ১২ উইকেট শিকার করে নজর কাড়েন তিনি। বিশেষ করে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিয়েছিলেন।
Advertisement
এর আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিতে বিসিবির কাছ থেকে এনওসি পেয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন মোস্তাফিজ ও ইমনও।
এসকেডি/আইএন