লক্ষ্মীপুরে কর্মস্থলে দেরিতে আসায় মো. সোহাগ নামে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। চাকরি ছেড়ে দেবেন বলায় ক্ষিপ্ত হয়ে ঘটনাটি ঘটিয়েছেন দোকান মালিক কবির হোসেন।
Advertisement
সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে কবির নিজেই বিষয়টি স্বীকার করেন।
আহত সোহাগ বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার আব্দুল মালেকের ছেলে ও শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারের মার্কেটিং অফিসার। কর্মস্থলে দেরিতে আসায় বেলা ১১টার দিকে দোকান মালিক কবির তাকে পিটিয়ে আহত করেন।
আহত সোহাগ বলেন, ‘সমস্যা থাকায় দোকানে আসতে আমার দেরি হয়। এ নিয়ে কবির আমাকে উল্টোপাল্টা কথা বলে। পরে আমি চাকরি ছেড়ে দেবো বলি। এসময় কবির, তার ভাতিজা ও এক কর্মচারী মিলে আমাকে জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি পিটিয়েছে। আমার হাত-পায়ের গিরা গিরাই আঘাত করেছে তারা।’
Advertisement
কান্নাজড়িত কণ্ঠে সোহাগের বাবা আব্দুল মালেক বলেন, ‘আমি কখনো সোহাগকে একটি ফুলের টোকাও দিইনি। কিন্তু কবির আমার ছেলেকে বেদম পিটিয়েছে। আমার ছেলে এখন হাসপাতালে শুয়ে আছে।’
দোকান মালিক কবির হোসেন বলেন, ‘সোহাগ প্রতিদিনই কাজে দেরিতে আসে। আজও সে দেরিতে এসেছে। কারণ জানতে চাইলে সে চাকরি ছেড়ে দেবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মেরেছি।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি জানা নেই। কেউ আমাদেরকে জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এসআর
Advertisement