২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দেশটি। ম্যাচে জোড়া গোল করেন আরলিং হালান্ড। তবে ব্রাজিলকে বিদায় করা এই জয়ের নায়ক আলোচনায় এসেছেন শুধু পারফরম্যান্সের জন্য নয়, গোল করার পর তার সংযত উদযাপনের কারণেও।
Advertisement
সতীর্থরা যখন ঐতিহাসিক এই জয় উদযাপনে মেতে ওঠেন, তখন হালান্ডকে দেখা যায় অনেকটাই শান্ত থাকতে। তার এই আচরণ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম বড় জয়ের দিনেও কেন উচ্ছ্বাস প্রকাশ করলেন না দলের ৯ নম্বর জার্সিধারী এই তারকা?
ম্যাচ শেষে অবশ্য হালান্ড জয়ের গুরুত্ব নিয়েই কথা বলেন। নিজ দেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কী ঘটেছে, তা বিশ্বাস করতেই তার কষ্ট হচ্ছিল। তিনি বলেন, ‘আমি প্রায় বিশ্বাসই করতে পারছিলাম না। জীবনে কখনো ভাবিনি এমন কিছু ঘটবে। নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলাই ছিল আমার স্বপ্ন। কিন্তু আমরা যে ব্রাজিলকে হারাবো, তা কখনো কল্পনাও করিনি। সত্যি বলতে, কিছু বিষয়কে আমি অসম্ভবই মনে করতাম। কিন্তু মনে হচ্ছে আমি ভুল ছিলাম।’
হালান্ড আরও বলেন, এই জয় নরওয়ের ফুটবলের জন্য একটি মাইলফলক। ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদেরও এটি অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি, আজ যারা ছোট, তারা বড় হয়ে এই সাক্ষাৎকার দেখলে অনুভব করবে যে নরওয়ের হয়ে খেলার চেয়ে বড় গর্ব আর কিছু হতে পারে না। এটি সত্যিই অবিশ্বাস্য।’
Advertisement
নিজের গোল করার দক্ষতা নিয়েও কথা বলেন হালান্ড। অল্প সুযোগ থেকেই গোল বের করে আনার ক্ষমতাকে তিনি ‘ঈশ্বরের উপহার’ বলে উল্লেখ করেন, ‘আমি যদি একটি বা দুটি সুযোগ পাই, বেশির ভাগ সময়ই সেগুলো গোলে পরিণত হয়। কীভাবে করি, আমি নিজেও জানি না। সবকিছুই মনোযোগ ধরে রাখার ওপর নির্ভর করে। আমি নিজেকে বলি, সুযোগ আসবেই। এখন মনে হচ্ছে, বলটি ঠিক পোস্ট ঘেঁষে জালে যাওয়ার এই ক্ষমতা ঈশ্বরের দেওয়া উপহার। ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য।’
ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে এবারের বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে গেছেন হালান্ড। এতে তিনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন।
এছাড়া এই জোড়া গোলের মাধ্যমে তিনি একটি বিরল কীর্তিও গড়েছেন। বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে দুই বা তার বেশি গোল করা অষ্টম খেলোয়াড় হয়েছেন হালান্ড। এর আগে সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের ঐতিহাসিক পরাজয়ের ম্যাচে এমন ঘটনা ঘটেছিল।
আরএএইচইউএল/আইএন
Advertisement