বিগত সরকারের দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, অবহেলার কারণেই হামের মতো প্রতিরোধযোগ্য রোগ আবার উদ্বেগজনকভাবে দেখা দিয়েছে।
Advertisement
বুধবার (৮ জুলাই) রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে ইউনানী আয়ুর্বেদিক গ্রাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) আয়োজিত ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা’ শীর্ষক কর্মশালা ও চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের টিকাদান কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। কিন্তু বিগত সরকারের অবহেলার কারণে হামের মতো প্রতিরোধযোগ্য রোগ আবার উদ্বেগজনকভাবে দেখা দিয়েছে। সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য খাতকে বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে এলোপ্যাথির পাশাপাশি ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
Advertisement
ডা. জাহিদ হোসেন বলেন, দেশের ১৮ কোটি মানুষের একটি বড় অংশ এসব চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভরশীল। তাই সব ধরনের চিকিৎসা ব্যবস্থাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও ও দেশজ চিকিৎসার পরিচালক ডা. ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএমএম/এমএএইচ/
Advertisement