নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
Advertisement
তিনি বলেন, ভোটের দিন ইন্টারনেট সংযোগ চালু থাকবে। কেউ গুজব ছড়ানো বা ইচ্ছাকৃতভাবে সংযোগ বিঘ্নিত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়, সমুদ্র ও সমতল- তিন ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে জেলায় সেনাবাহিনী, কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃদ্ধি করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি হেলিকপ্টার স্ট্যান্ডবাইও রাখা হয়েছে।
Advertisement
আরও পড়ুনব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টানির্বাচনের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর না, সবাই খুব ভালোভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হবে: ইসি
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন ঘিরে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক যেসব সহিংসতার ঘটনা ঘটছে, তার বেশিরভাগই রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সৃষ্টি হচ্ছে। অনেক সময় একটি কর্মসূচিতে নির্ধারিত সংখ্যার বাইরে লোকজন অংশ নিলে সিদ্ধান্তগত দ্বন্দ্ব দেখা দেয় এবং সেখান থেকেই সংঘর্ষের সৃষ্টি হয়। এ ক্ষেত্রে জনসচেতনতার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিয়মিতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু আসনে বিচ্ছিন্নভাবে ছোটখাটো লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও স্বীকার করেন তিনি।
Advertisement
সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে প্রশ্ন করতে ও সংবাদ প্রকাশ করতে পারছেন। সরকার মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে একই সঙ্গে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোট দিতে এসে কোনো নারী যেন আতঙ্কিত না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।
ব্রিফিংয়ে জঙ্গল সলিমপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এমআরএএইচ/ইএ/এএসএম