দেশজুড়ে

সাতক্ষীরায় ১৭৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

সাতক্ষীরার চার সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

Advertisement

এছাড়া জেলার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৪১০টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ২৮১টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১২৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১৭৯টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ৪৩০টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আসনভিত্তিক হিসাবে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে সর্বাধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এ আসনের ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ। অপরদিকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে, ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি।

Advertisement

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন, নারী ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৩ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৪ জন।

আসনভিত্তিক কেন্দ্রের বিবরণ অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ১৬৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ ও ১১৮টি সাধারণ। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ ও ১২০টি সাধারণ। সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ৪০টি গুরুত্বপূর্ণ ও ১২৫টি সাধারণ। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি গুরুত্বপূর্ণ ও ৬৭টি সাধারণ কেন্দ্র রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, জেলার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এ কাজ চলছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হবে।

এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণ শুধু ঝুঁকি বিবেচনায় নয়, কেন্দ্রের দূরত্ব ও ভবনের অবস্থা বিবেচনাতেও করা হয়েছে। কোনো ভোটকেন্দ্রের ভবনের অবস্থা ভালো না হলেও সেটিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলার চারটি আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আক্তার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার সব ভোটকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জেলার ৬০৯টি ভোটকেন্দ্রের সবগুলোই সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনসহ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম