দেশজুড়ে

বগুড়ায় হাইড্রোলিক হর্নবিরোধী অভিযানে লাখ টাকা জরিমানা

বগুড়া শহরে উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন ও বিকট শব্দের সাইলেন্সার পাইপ বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গোহাইল রোড ও মফিজ পাগলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, শহরের গোহাইল রোডে অবস্থিত তুবা মটরস নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১৫৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। আইন অমান্য করে এসব হর্ন বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে শহরের মফিজ পাগলা মোড় এলাকায় মদিনা অটো নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে ২০টি হাইড্রোলিক হর্ন জব্দসহ ওই প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম বলেন, শহরের শব্দদূষণ রোধ এবং জনস্বাস্থ্যের ক্ষতি এড়াতে এ অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ও উচ্চশব্দ তৈরি করা সাইলেন্সার ব্যবহার এবং বিক্রি বন্ধে আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।

Advertisement

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, অযাচিত শব্দদূষণের মাধ্যমে যারা জনমনে বিরক্তি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এলবি/আরএইচ/এএসএম