দেশজুড়ে

কোনো কোনো সরকারের সময় দেশ বিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর মতো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, গুণগত পার্থক্য রয়েছে।

Advertisement

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই এসেছে, তারা দুর্নীতি করেছে। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারাবিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।

ডা. তাহের বলেন, ‌‘আমাদের ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামি সমমনা দলগুলো রয়েছে। সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো মানুষদের ভোট দেবে।’

Advertisement

তিনি বলেন, ‘১১ দলীয় জোট ক্ষমতা গ্রহণ করলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। নির্বাচনে জোট বিজয়ী হলে চিরদিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ‎সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

Advertisement