‘পাকুন্দিয়ার মানুষ আজ সারাদেশের মানুষকে দেখিয়ে দেবে—বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ ও বালুখোরদের দেখতে চায় না। এ কারণেই আমি আমার ৪০ বছরের দল ছেড়ে আপনাদের (জামায়াতের) কাছে এসেছি। সেখানে (বিএনপিতে) এমন অবস্থা দেখেছি, আমাকে ‘শুদ্ধা খাইয়া ফালতে’ চায় (পুরো খেয়ে ফেলতে চায়)। এই ‘খাওয়ান্নে’ পার্টি থেকে আমরা মুক্তি চাই।
Advertisement
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
আখতারুজ্জামান রঞ্জন আরও বলেন, ‘আমরা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে চাই। সারাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। মানুষ পরিবর্তন চায়। মানুষ একটি সুন্দর, কল্যাণময় রাষ্ট্র চায়, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে।’
গণমিছিলে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সদর বাজার এলাকা।
Advertisement
সমাবেশ ও গণমিছিলে কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রুহানি, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা আ ন ম আব্দুল্লাহ মমতাজ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকে রাসেল/এসআর/জেআইএম