দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে কুমিল্লা জেলায় থাকা ১৭১টি দলিলে নিবন্ধিত জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দকৃত জমির রেজিস্ট্রেশনমূল্য ধরা হয়েছে দুই কোটি ৬৪ লাখ টাকা।
Advertisement
সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতে দাখিল করা আবেদনে দুদক জানায়, নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার, ঘুসগ্রহণ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রায় ৭৮১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অসাধু উপায়ে অর্জন করে ভোগদখলে রেখেছেন- এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আদালতের আগের আদেশ অনুযায়ী মামলার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফায় নজরুল ইসলাম মজুমদারের নামে থাকা একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ এরই মধ্যে জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। তবে তদন্ত চলাকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, তিনি এখনো তার মালিকানাধীন সম্পদ বিক্রি বা অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন।
Advertisement
দুদকের মতে, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে এসব অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের গুরুতর আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী সংশ্লিষ্ট জমিগুলো অবিলম্বে জব্দ করা প্রয়োজন হয়ে পড়ে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত নজরুল ইসলাম মজুমদারের নামে কুমিল্লা জেলায় থাকা উল্লিখিত ১৭১ দলিলভুক্ত জমি জব্দের আদেশ দেন।
এমডিএএ/ইএ
Advertisement