মাওয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী আবু নাঈমের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়।
Advertisement
সোমবার (২ ফেব্রুয়ারি) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩১ জানুয়ারি বিকেল ৩টার দিকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৩ জন শিক্ষার্থী গোসলের জন্য পদ্মা সেতুর ৪ নম্বর পিলার সংলগ্ন এলাকায় নদীতে নামেন। এসময় একজন শিক্ষার্থী নিখোঁজ হন। পরবর্তীতে অন্য দুজন শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম আরও বলেন, পরে কোস্টগার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩১ জানুয়ারি থেকে ওই এলাকায় যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অবশেষে সোমবার দুপুর ১২টায় যৌথ উদ্ধারকারী দল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
Advertisement
উদ্ধার শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
টিটি/এমআইএইচএস