খেলাধুলা

জোকোভিচের কণ্ঠে কি তবে অবসরের ইঙ্গিত?

অস্ট্রেলিয়ান ওপেন শেষ করেও গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সংখ্যায় ২৪-এই আটকে রইলেন নোভাক জোকোভিচ। রেকর্ড গড়া ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল সার্বিয়ান তারকার।

Advertisement

৩৮ বছর বয়সী জোকোভিচ বারবার অবসর ভাবনার কথা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিজের অলিম্পিক সোনা ধরে রাখার লক্ষ্য রয়েছে তার।

তবে রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে চার সেটে হারের পর তার কথাবার্তায় ধরা পড়েছে অনিশ্চয়তার সুর।

রড লেভার অ্যারেনায় দর্শকদের উদ্দেশে জোকোভিচ বলেন, ‘আগামীকাল কী হবে, সেটাই তো জানি না-ছয় মাস বা ১২ মাস পরের কথা তো দূরের। তবে এটা ছিল এক দুর্দান্ত যাত্রা। আমি তোমাদের ভালোবাসি।’

Advertisement

অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের সাফল্য অতুলনীয়। তিনি এই গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রেকর্ড ১০ বার, এবং রোববারের আগে কখনোই মেলবোর্নে ফাইনাল হারেননি। সেই অপরাজেয় ধারায় অবশেষে ছেদ পড়ল আলকারাজের কাছে হারের মাধ্যমে।

সাফল্যের পাশাপাশি মেলবোর্নের দর্শকদের সঙ্গে জোকোভিচের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। তবু এবারের টুর্নামেন্টে ভিন্ন অভিজ্ঞতার কথা জানান তিনি, ‘শেষ কয়েকটি ম্যাচে আপনারা আমাকে এমন কিছু দিয়েছেন, যা অস্ট্রেলিয়ায় আগে কখনো অনুভব করিনি। এত ভালোবাসা, সমর্থন আর ইতিবাচকতা। বছরের পর বছর ভালো টেনিস খেলে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি।’

তার এই বক্তব্যও অনেকের কাছে বিদায়বার্তার মতোই মনে হয়েছে। মনে হয়েছে, হতাশা তাকে গ্রাস করে ফেলেছে।

জোকোভিচ জানান, তিনি ফাইনালের জন্য দুটি বক্তব্য প্রস্তুত রেখেছিলেন-একটি জয়ের জন্য, অন্যটি হারের জন্য। ফলে তার কথাগুলোকে শুধু পরাজয়ের আবেগী প্রতিক্রিয়া বলেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মনে হচ্ছে, ক্যারিয়ারের শেষের শুরু হয়ে গেছে।

Advertisement

এমএমআর