রাজনীতি

নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য দুঃখজনক: আমীর খসরু

নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়।

Advertisement

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের নাজিরপাড়া, ডেইলি পাড়া, মাইজপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ধর্ম, রাজনীতি ও সমাজ সব ক্ষেত্রেই নারীদের অগ্রাধিকারের কথা বলা আছে। অথচ নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা যখন বলা হচ্ছে, তখন তাদের নিয়ে যারা অসম্মানজনক মন্তব্য করছেন, তা শিষ্টাচারবহির্ভূত। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। বিষয়টি জনগণের বিবেচনার ওপর ছেড়ে দিলাম।

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করেই বিএনপি রাজনীতি করছে।

Advertisement

আরও পড়ুনএকদিকে গায়ে হাত আরেক হাতে ফ্যামিলি কার্ড নারীরা চায় না: জামায়াত আমিরএকটি দল মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ঘরে বন্দি করতে চাচ্ছে

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে আমীর খসরু বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ আরও বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

চট্টগ্রামের উন্নয়ন নিয়ে তিনি বলেন, চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে নগরটিকে আধুনিক ও সমৃদ্ধ বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, বিএনপি নেতা ডা. নুরুল আফসার, মো. ইসমাইল, মোহাম্মদ সাত্তারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

এর আগে আমীর খসরু ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এমআরএএইচ/ইএ