জাতীয়

ডেসকোর দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি নির্দেশনা অমান্য করে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ৭৪ কোটি ৮৩ লাখ টাকা ক্ষতির অভিযোগে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমীর আলী এবং প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

সোমবার (২ ফেব্রুয়ারিতে) দুদকের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দায়ের করেন। দুদুকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

এজাহারে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অমান্য করেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোনো মন্ত্রণালয় বা সংস্থার নিজস্ব ডাটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ডেসকোর জন্য আলাদা ডাটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

Advertisement

এতে আরও বলা হয়, ২০২০ সালের ১৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি সব সংস্থার তথ্য বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০২১ সালের ২৪ জানুয়ারি এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হলেও ডেসকো তা অনুসরণ করেনি। বরং ২০২১ সালের ২৭ এপ্রিল ডেসকো প্রায় ৭১ কোটি ৭৮ লাখ টাকার একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের জন্য, যা সরকারি অর্থ সাশ্রয়ের নীতির পরিপন্থি এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, অভিযুক্তদের কর্মকাণ্ডের ফলে রাষ্ট্রের মোট ৭৪ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯২ টাকার ক্ষতি হয়েছে।

এসএম/ইএ

Advertisement