বাংলাদেশ এবং জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তা বিনিময় সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে এ চুক্তি সই হয়।
আইএসপিআর জানায়, বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
এ চুক্তির মাধ্যমে দুদেশের কৌশলগত অংশীদারত্ব ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে উল্লেখ করেছে আইএসপিআর।
Advertisement
সশস্ত্র বাহিনী বিভাগের সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে উভয় পক্ষের নিবিড় ও ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ এ চুক্তি সই সম্ভব হয়েছে। চুক্তিটি দুদেশের মধ্যে গভীর পারস্পরিক আস্থা, সমন্বিত দৃষ্টি এবং সহযোগিতার প্রতিফলন; যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দূরদর্শী ও কার্যকর কূটনীতির ফলে অর্জন করা সম্ভব হয়েছে।
এ চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে আশা করা হয়। এ চুক্তিটি জাতিসংঘ সনদের নীতিগুলোর সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে সম্পাদন করা হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ এবং যৌথ গবেষণা ও উন্নয়নে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।
পাশাপাশি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ ঐতিহাসিক চুক্তি সই হওয়ায় দুদেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞ বিনিময় বাড়বে, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উভয় দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হয়।
Advertisement
টিটি/এমকেআর