লাইফস্টাইল

স্টাইলিশ উপস্থিতিতে মোহময়ী সুস্মিতা

খুব অল্প সময়ের মধ্যেই টালিউডে নিজের অবস্থান শক্তভাবে গড়ে তুলেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। একদিকে শিক্ষাজীবনে ইঞ্জিনিয়ারিংয়ের মতো কঠিন বিষয়ে পড়াশোনা, অন্যদিকে বিনোদন জগতে নিজের আলাদা পরিচয় এই দুইয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছে তার অনন্য যাত্রা।

Advertisement

২০১৯ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সুস্মিতা। শুরু থেকেই আত্মবিশ্বাসী উপস্থিতি আর সাবলীল ভঙ্গিমায় ফ্যাশন দুনিয়ায় দ্রুত নজর কাড়েন তিনি। রানওয়ে শো থেকে শুরু করে বিভিন্ন নামী ব্র্যান্ডের প্রচারণা সবখানেই তার উপস্থিতি ছিল আকর্ষণীয়। খুব অল্প সময়েই মডেল হিসেবে নিজের অবস্থান শক্ত করে ফেলেন এই অভিনেত্রী।

মডেলিংয়ে সফলতার পর স্বাভাবিকভাবেই তার সামনে খুলে যায় অভিনয়ের দরজা। ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই তিনি প্রমাণ করেন, শুধু লুক নয় অভিনয়েও রয়েছে সম্ভাবনা। এরপর ধীরে ধীরে ছোট ও বড় পর্দায় একাধিক কাজের মাধ্যমে নিজের দক্ষতা তুলে ধরেন।

এখন আর তিনি শুধু টালিউডের গণ্ডিতে সীমাবদ্ধ নন। কাজের পরিধি বাড়িয়ে পা রেখেছেন দক্ষিণ ভারতীয় সিনেমাতেও। নতুন ভাষা, নতুন সংস্কৃতি সবকিছু মিলিয়ে নিজের অভিনয়জীবনকে আরও বিস্তৃত করছেন তিনি।

Advertisement

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সও তার অন্যতম শক্তি। ক্যারিয়ারের শুরুটাই যেহেতু মডেলিং দিয়ে, তাই স্টাইল নিয়ে তার সচেতনতা বরাবরই চোখে পড়ে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের বিভিন্ন লুক শেয়ার করেন তিনি, যা তার ফ্যাশনপ্রেমী ভক্তদের জন্য এক ধরনের অনুপ্রেরণা হয়ে উঠেছে। কখনো গ্ল্যামারাস, কখনো মিনিমাল প্রতিটি লুকেই থাকে আলাদা বৈচিত্র্য।

এরই মধ্যে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত হয়ে উঠেছেন সুস্মিতা। জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের আলোচিত সিনেমা ‘রাক্ষস’ এ নায়িকা হিসেবে অভিনয় করে এবারের ঈদে তিনি মাতাচ্ছেন বড় পর্দা। দুই বাংলার দর্শকের কাছে এটি তার জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

সুস্মিতা চট্টোপাধ্যায়ের ক্যারিয়ার এখন ঊর্ধ্বমুখী। মডেলিং থেকে অভিনয় প্রতিটি ধাপে তিনি দেখিয়েছেন আত্মবিশ্বাস, পরিশ্রম আর নিজেকে ভাঙার সাহস। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে তিনি যে আরও বড় জায়গায় পৌঁছাবেন, তা বলাই যায়।

জেএস/

Advertisement