আইন-আদালত

ইটের আঘাতে যুবককে হত্যাচেষ্টা, ৩ আসামি কারাগারে

রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফির ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

শুক্রবার (১২ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

আসামিরা হলেন- মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু এবং মো. ফয়সাল ওরফে কালু।

মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমান গ্রেফতার তিন আসামিকে কারাগারে রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

Advertisement

মামলার নথি অনুযায়ী, বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পারভেজকে গ্রেফতার করা হয়। একই দিনে রাজধানীর ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে আটক করা হয়। পরে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করে র‍্যাব।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ৯ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সাজিদ চৌধুরী রাফি। ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ববিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তার মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করা হলে তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ওরফে কালু ব্যবসায়িক বিরোধের বিষয়টি স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে রাফি একা মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় পারভেজ একটি ইটের টুকরা নিক্ষেপ করলে সেটি রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

Advertisement

গুরুতর অবস্থায় রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমডিএএ/এনএইচআর