দেশজুড়ে

সিরাজগঞ্জে চড়ক পূজা দেখতে মানুষে ঢল

২৫ থেকে ৩০ ফুট উঁচু চড়ক গাছে পিঠে বড়শি গেঁথে ঝুলছেন দুই যুবক, চারদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকের তালে তালে মুখরিত পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামের কমলা খা শ্মশানে নেমেছে মানুষের ঢল। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ ঘিরে আয়োজিত দুইশো বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের আমেজে মেতে ওঠেন হাজারও মানুষ।

Advertisement

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ পূজায় হিন্দু সম্প্রদায়ের হাজারও মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ চড়ক পূজা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কমলা খা শ্মশানের পাশের মাঠে সকাল থেকেই বসে মেলা, আর বিকেলে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। সমতল ভূমিতে স্থাপন করা হয় চড়ক গাছ, যা ঘিরেই চলে সব আয়োজন। বিকেলে পূজার প্রধান আকর্ষণ হিসেবে দুইজন সন্ন্যাসীর পিঠে লোহার বড়শি গেঁথে চড়ক ঘোরানো হয়।

এ সময় ভক্তরা বাতাসা, নকুলদানা ও কলা ছুড়ে দেন, যা কুড়িয়ে নিতে ভিড় করেন দর্শনার্থীরা। চারদিকে ধ্বনিত হয় জয়ধ্বনি ও নারীদের উলুধ্বনি, যা পুরো পরিবেশকে করে তোলে আরও উৎসবমুখর।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, ঐতিহ্যের চড়ক পূজা দেখতে দুপুরের পর থেকে দর্শনার্থীরা ভিড় জমান ক্ষিরতলা গ্রামের কমলা খা শ্মশান নামক স্থানের মাঠে। বিকেল গড়ানোর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় এ মাঠ। এ সময় মাঠের চারপাশের টিলায়ও অবস্থান করেন দর্শনার্থীরা। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সমাগম ঘটে এ পূজা দেখতে।

আয়োজক কমিটির সভাপতি নিবাস মাহাতো জাগো নিউজকে বলেন, চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রাচীন লোকোৎসব, যার ইতিহাস হাজার বছরের পুরনো বলে মনে করা হয়। চৈত্র মাসের শেষ থেকে বৈশাখের শুরু পর্যন্ত মহাদেব শিবের আরাধনায় নানা পূজা-অর্চনার পর আয়োজন করা হয় এই চড়ক পূজার। এতে রায়গঞ্জ উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন।

এদিকে, পূজাকে কেন্দ্র করে মাঠের চারপাশ ও সংলগ্ন এলাকায় বসে গ্রামীণ মেলা। খেলনা, মাটির সামগ্রী, মিষ্টান্নসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। মেলায় ক্রেতাদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো।

এম এ মালেক, সিরাজগঞ্জ/এমআরএম

Advertisement