জাতীয়

ঢাকায় অতিরিক্ত এসপিকে হত্যার ১৩ বছর পর গুজা বাদশা গ্রেফতার

রাজধানীর রামপুরা থানার অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যা মামলার অন্যতম সহযোগী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলাম বাদশা ওরফে গুজা বাদশাকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-৩।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) র‍্যাব-৩ এর সহকারী পরিচালক সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৩ এপ্রিল রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল এলাকায় হাজী বাদশা মিয়া রোডের নিউ টাউন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

২০১৩ সালের ২৯ আগস্ট পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে নিজ বাসার তৃতীয় তলায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খানকে সন্ত্রাসীরা কক্ষে ঢুকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের হলেও দীর্ঘদিন ধরে গুজা বাদশা পলাতক ছিলেন।

Advertisement

র‍্যাব জানায়, হাতিরঝিল ও রামপুরা এলাকায় গুজা বাদশার নামেই আতঙ্ক ছড়াত। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে প্রভাবশালী অপরাধী হিসেবে পরিচিত ছিলেন।

তার বিরুদ্ধে রামপুরা ও হাতিরঝিল থানায় হত্যা, চাঁদাবাজি, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে অন্তত ১৪টি মামলা রয়েছে। এছাড়া তার নামে একাধিক গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

র‍্যাব-৩ এর সহকারী পরিচালক সনদ বড়ুয়া বলেন, গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিটি/এমআরএম

Advertisement